• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিসিতে পথকুকুরের উপদ্রব থেকে রক্ষায় ‘ডগ শেড’ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২১:১৯ অপরাহ্ণ
বিসিসিতে পথকুকুরের উপদ্রব থেকে রক্ষায় ‘ডগ শেড’ করার উদ্যোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’ বা কুকুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। জনস্বার্থে আগামী মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করতে চান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

আজ সোমবার বিসিসির মাসিক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীতে বেওয়ারিশ কুকুরের দাপট আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। আইন অনুযায়ী কুকুর নিধন নিষিদ্ধ হওয়ায় বিকল্প হিসেবে একটি আশ্রয়কেন্দ্র গড়ার পরিকল্পনা করা হয়েছে। সভায় প্রশাসক এক সপ্তাহের মধ্যে ‘ডগ শেড’—এর জন্য উপযোগী স্থান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। বিসিসির সম্পত্তি কর্মকর্তা নিজস্ব জমি নির্বাচন করার পর ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে ওই শেডে কুকুরগুলোকে লালন—পালন করা হবে।

এ বিষয়ে বিসিসির ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম জানান, ডগ শেডের স্থান হিসেবে নগরীর আমানতগঞ্জ কিংবা বেলতলা এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সম্প্রতি নগরীর ৪ হাজার ৫২৮টি পথকুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। সে হিসাবে ধারণা করা হচ্ছে, নগরীতে কুকুরের সংখ্যা ৫ হাজারের বেশি হতে পারে।’

বরিশাল নগরীর নবগ্রাম রোড, সার্কুলার রোড, নথুল্লাবাদ, বটতলা, কাশিপুর, রূপাতলী, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় পথকুকুরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে রাতে দলবদ্ধ কুকুর পথচারী ও যানবাহন লক্ষ্য করে তাড়া করায় পথচলা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নগরবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনেই বিসিসি এমন উদ্যোগ নিয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল