• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষে পিরোজপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
এসএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষে পিরোজপুর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। পিরোজপুরে পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। যেখানে বরিশাল বিভাগের মোট পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

এ বছর পিরোজপুর জেলার ২৫৪ টি স্কুলের মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ৪ হাজার ৪৩৭ জন ছেলে এবং ৫ হাজার ৫৩৮জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় মোট ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২০ জন ছেলে এবং ২২৬ জন মেয়ে। জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গনমান মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

ফলাফলে দেখা গেছে, পিরোজপুরে মেয়েদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। সামগ্রিক ফলাফলে বিভাগীয় পর্যায়ে পাসের হারে পিরোজপুরের এই অবস্থান জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ তৈরি করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।

তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল