• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, ববি শিক্ষার্থীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ২৩:৪৫ অপরাহ্ণ
বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, ববি শিক্ষার্থীসহ আহত ৫
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালক ও চার পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীও রয়েছেন।

 

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহত ববি শিক্ষার্থীর নাম ইয়াসির আরাফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

 

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি বরিশাল নগরীর রূপাতলীর দিকে আসছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢালে পৌঁছালে রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সার্জারি বিভাগে তাদের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়।

 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। আহত ববি শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

 

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে যান চলাচল ধীর হয়ে যায়। এতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

 

ওসি আল মামুন উল ইসলাম বলেন, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল