• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হারালেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ২২:৫৪ অপরাহ্ণ
বাবা হারালেন লিওনেল মেসি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। দেশটির সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রাতে রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।

 

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। শুক্রবার রোজারিওর একটি হাসপাতালে রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইনফোবায়ে।

 

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন মেসির এজেন্ট এবং ক্যারিয়ারের অন্যতম প্রধান অভিভাবক। মাঠের বাইরের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই ছেলের পাশে ছিলেন তিনি।

 

মেসি যখন ছোট, তখন তার শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখেন হোর্হে। ছেলের প্রতিভা ও সম্ভাবনায় বিশ্বাস রেখে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন তিনি। পরবর্তীতে মেসির ফুটবল ক্যারিয়ার যখন তাকে স্পেনে নিয়ে যায়, তখনও কঠিন সময়ে ছেলের পাশে ছিলেন হোর্হে।

 

বার্সেলোনায় মেসির শুরুর দিনগুলোতেও বাবার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। নতুন দেশ, নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলে মানিয়ে নেওয়ার কঠিন সময়ে ছেলের পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন হোর্হে।

 

সময়ের সঙ্গে লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠলেও বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মেসির ক্যারিয়ারের উত্থান, সাফল্য এবং বিভিন্ন সংকট; সবকিছুতেই হোর্হে ছিলেন তার অন্যতম আস্থার মানুষ।

 

মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটিতেও বাবার ভূমিকা ছিল অনস্বীকার্য। বার্সেলোনায় মেসির দীর্ঘ সাফল্যের পথ তৈরি থেকে শুরু করে পরবর্তীসময়ে তার পেশাগত বিষয়গুলো সামলানো-সব ক্ষেত্রেই সামনে থেকে কাজ করেছেন হোর্হে।

 

বাবার এই মৃত্যু মেসির জন্য নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। কয়েক দশক ধরে যিনি ছিলেন একই সঙ্গে বাবা, পরামর্শদাতা ও এজেন্ট, সেই মানুষটিকেই হারালেন ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল