নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী চরমোনাই আলিম মাদ্রাসার শিক্ষক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের উজিরপুর উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি মাসুদ হাসান ফিরোজ। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর শহীদ মিনার সংলগ্ন একটি অফিসে জমি দখলের পায়তারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় বৃহস্পতিবার মোকাম বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করেছেন মাসুদ হাসান ফিরোজ।
সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন, মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম মোল্লা ও মৃত রহমত আলী সরদাররের ছেলে মোঃ নুরুল ইসলাম সরদারকে অভিযুক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে মাসুদ হাসান ফিরোজ বলেন- উজিরপুর জে,এল ১০৭ নং গুঠিয়া মৌজার এস,এ ৪২ তথা বি,এস ৮৪০ নং দাগে ৯ শতাংশ জমিতে মাসুদ হাসান ফিরোজের তিন তলা একটি ভবন রয়েছে। বিবাদীরা ক্ষমতার অপব্যবহার করে ভবনটি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছিল। এরই ধারাবিহকতায় গত ২ জুন (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে অভিযুক্ত মোঃ শাহিন হাওলাদার, মোঃ লাভলু হোসেন, মোঃ নজরুল ইসলাম মোল্লা ও মোঃ নুরুল ইসলাম সরদারসহ ১৫/২০ জনের অজ্ঞাত একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিতভাবে মাসুদ হাসান ফিরোজের ভবনের সামনে উপস্থিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি তার প্রতিবাদ করায় মাসুদ হাসান ফিরোজের পরিবারকে খুন জখমের হুমকি দিয়ে ভবন থেকে বের করে ভবনে তালা মারার চেষ্টা করে। এ সময় বাধা দিলে মাসুদ হাসান ফিরোজের ৩ সন্তান ও স্ত্রীকে মারধর বেধম করা হয়। বর্তমানে তার স্ত্রী বরিশাল শের-ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে বৃহস্পতিবার মাসুদ হাসান ফিরোজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় হামলা চালায় অভিযুক্তরা। এ সময় স্থানীয়রা ছুটে আসলে সুবিধা করতে না পেরে পালিয়ে যান তারা।
ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভূূগছে মাসুদ হাসান ফিরোজের পরিবার।
অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যান।
এছাড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূমিদস্যুদের কবল থেকে জমি দখলমুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন মাসুদ হাসান ফিরোজ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।