• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে চাল পাননি ৬৬৫ জেলে, তোপের মুখে ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৬, ২২:১৫ অপরাহ্ণ
পটুয়াখালীতে চাল পাননি ৬৬৫ জেলে, তোপের মুখে ইউপি চেয়ারম্যান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সরকারি জেলে তালিকায় নাম থাকা সত্ত্বেও ৬৬৫ জন জেলে চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।

রোববার (২৪ মে) সকাল ১১টায় গোলখালী ইউনিয়নের নলুয়াবেগি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঞ্চিত জেলেদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, সরকারি তালিকায় গোলখালী ইউনিয়নের ১ হাজার ৬১৫ জন জেলের নাম থাকলেও বাস্তবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৯৫০ জনকে। এতে তালিকাভুক্ত ৬৬৫ জন জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

ভুক্তভোগী জেলেরা বলেন, আমাদের নাম সরকারি তালিকায় রয়েছে। তারপরও আমরা চাল পাইনি। আমরা চাই সরকার যে তালিকা করেছে, সেই তালিকা অনুযায়ী সবাইকে চাল বিতরণ করা হোক।

এদিকে, চাল না পাওয়া জেলেদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা করছেন বলেও জানা গেছে।

অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেন- সরকারি নির্দেশনা ও বরাদ্দ অনুযায়ীই চাল বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারের তালিকা অনুযায়ী যেন সব জেলে তাদের প্রাপ্য সহায়তা পান, সেই দাবির সঙ্গে আমরাও একমত।

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল