নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর পলাশপুরে মাছ ব্যবসায়ী জসীম সিকদার বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয় সরদার ওরফে মধুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর টিয়াখালীর দরগাহ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আত্মগোপনে থাকা মধুকে ধরতে কাউনিয়া থানা পুলিশের একটি দল ছদ্মবেশে টিয়াখালী এলাকায় তার চাচা আরিফ সরদারের বাড়ি ঘেরাও করে। সেখান থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে পলাশপুর এলাকার বাসিন্দা কালাম সিকদারের ছেলে মাছ ব্যবসায়ী মো. জসীম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আটক মধুসহ ৬/৭ জন। পরে রাত পৌনে তিনটার দিকে ওই এলাকার রহিম সরদারের বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে জসীমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর তীব্র ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার (১৭ মে) দুপুরে শহরের সদর রোডের টাউন হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল ছদ্মবেশে টিয়াখালীতে অভিযান চালায় এবং তার চাচার বাসা থেকে তাকে গ্রেফতার করে। মধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।’