• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিআইও বিজন কৃষ্ণ খরাতী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিআইও বিজন কৃষ্ণ খরাতী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  : কোটি কোটি টাকা জালিয়াতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানায় একটি, ঝালকাঠিতে তিনটি এবং বরগুনার বামনা থানায় সাতটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।

জানা গেছে, সম্প্রতি বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি এবং সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের পর গত দুই সপ্তাহ ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর ছয় দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল