• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাত-পা বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
হাত-পা বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বানারীপাড়া উপজেলায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত তৈয়ব বাহাদুরকে (৪৫) হাত ও গলা রশি দিয়ে বেঁধে হত্যা করে তার লাশ একটি জলাশয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। নিহত তৈয়ব বাহাদুর উপজেলার ইলুহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামের বাসিন্দা। তিনি উদয়কাঠী বাজারে দীর্ঘদিন ধরে মুদি দোকান ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাত প্রায় ১১টা পর্যন্ত তিনি দোকানে ছিলেন। প্রতিদিনের মতো ব্যবসা শেষে নগদ অর্থ ও লেনদেনের হিসাব সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাত গভীর হলেও তিনি বাড়ি না পৌঁছালে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। একপর্যায়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি।

রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে স্থানীয়রা উদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি জমিতে জমে থাকা পানিতে তার মরদেহ পরে থাকতে দেখেন। মরদেহটি ছিল অত্যন্ত মর্মান্তিক অবস্থায়, গলায় রশি প্যাঁচানো এবং দু’হাত পিঠমোড়া করে বাঁধা।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রবিবার (২২ মার্চ) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল