• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
বরিশালে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত শহিদ হাওলাদার (৪৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৬ সালে শহিদ হাওলাদারের সঙ্গে মাজেদা বেগমের মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাহিনুরের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন শহিদ।

এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে মাহিনুরের হাত—পা ও মুখ বেঁধে নির্যাতনের একপর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন শহিদ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মাহিনুরের মা মাজেদা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী জানান, ২০১৫ সালের ২৩ মার্চ বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই খলিলুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল