• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিউটি সুপার মার্কেটে অগ্নিসংযোগের অভিযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ২২:৫০ অপরাহ্ণ
বরিশালে বিউটি সুপার মার্কেটে অগ্নিসংযোগের অভিযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকবাজার এলাকার বিউটি রোড আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দীর্ঘদিনের জমি ও মালিকানা বিরোধের জেরে এবার বিউটি সুপার মার্কেটের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

ডেভেলপার প্রতিষ্ঠানের পার্টনার আবুল হাসান কুদ্দুস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মার্কেট ভবনের নিচতলায় আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও মার্কেটের মালামাল পুড়ে গেছে এবং ভবনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বিউটি সুপার মার্কেট নির্মাণের জন্য অভিযুক্ত সৈয়দ আশিক চৌধুরীর বাবা জুলফিকার আলী চৌধুরীর সঙ্গে তাদের ডেভেলপার প্রতিষ্ঠানের চুক্তি হয়েছিল। তবে পরবর্তীতে জমির মালিক একই জমি তার ছেলে সৈয়দ আশিক চৌধুরী ও মেয়ে কামরুন্নাহার চৌধুরীর নামে দানপত্র দলিল করে দেন। এরপর থেকে সৈয়দ আশিক চৌধুরী ওই দানপত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

ডেভেলপারদের দাবি, এর আগেও গত বছরের ৯ ও ১০ মে ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা চালানো হয়। এ সময় প্রথম তলার ছাদ ও নিচতলার অফিস ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয় এবং ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল।

আবুল হাসান কুদ্দুস অভিযোগ করেন, পূর্বের বিরোধের জের ধরেই এবার অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি বলেন, “হামলা ও মামলায় ক্ষ্যান্ত হয়নি, শেষ পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।”

ঘটনার পর তিনি বরিশাল কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অবৈধ দখলের উদ্দেশ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ক্ষয়ক্ষতির ছবি তুলেছে বলে জানা গেছে।

এদিকে, বিউটি রোড এলাকার ব্যবসায়ীরা এ ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নগরবাসীর মতে, নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় বারবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা দ্রুত বিরোধ নিষ্পত্তি ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল