• ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে এক রাতে ৮ আ.লীগ নেতার বাড়িতে হা’ম’লা, ভা’ঙচু’র ও আ’গু’ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬, ১৯:৫৭ অপরাহ্ণ
পটুয়াখালীতে এক রাতে ৮ আ.লীগ নেতার বাড়িতে হা’ম’লা, ভা’ঙচু’র ও আ’গু’ন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে এক রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহর ও আশেপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

হামলার সময় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়, কোথাও ছোড়া হয় পেট্রলবোমা। আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এতিমখানা রোড এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাড়িটি ভাঙচুরের পর তালাবদ্ধ ছিল। সেখানে পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না।

এরপর একই রাতে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমানের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। বাড়ির বিভিন্ন মালামাল ও জানালার অংশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদ্যুতের মিটারও ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের কাঠের সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনেও হামলার চেষ্টা করা হয়। ভবনের সামনে কয়েক দফায় আগুন ও পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে স্থানীয় ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়েনি।

জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজার এলাকার বাসভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।

একইভাবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবারের সদস্যরাও অন্যত্র চলে যান।

এ ছাড়া পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা দূর থেকে বাড়িটি লক্ষ্য করে আগুন নিক্ষেপ করে বলে জানা গেছে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

হামলার ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের পুরাতন বাজারে অবস্থিত বাড়িতেও।

একের পর এক এসব ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে ধারাবাহিক হামলার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো স্পষ্ট নয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল