• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে দুই হাজার দশ পিস ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
বরিশালে দুই হাজার দশ পিস ইয়াবাসহ আটক ৪
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ শনিবার দিবাগত মধ্য রাতে মাদক বিরোধী দুটি অভিযানে দুই হাজার দশ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে মেহেদী হাসান (৩৫) বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম হাওলাদারের ছেলে ও রাশেদ খান (৩৩) ঝালকাঠীর রাজাপুর থানার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে। তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর অভিযানে আটককৃত মনিরুল ইসলাম (২৫) আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে ও হৃদয় সন্যামত (২৫) একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে। তাদের কাছ থেকে দশ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন ও আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত মেহেদী হাসান ও রাশেদ খান জানিয়েছেন, তারা গৌরনদী উপজেলার টরকী এলাকা থেকে মাদকের ডিলার হিরা মাঝির কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ক্রয় করেছেন।

পরবর্তীতে তারা নিরাপদ রুট ভেবে মোটরসাইকেলযোগে গ্রাম্য রাস্তা ব্যাবহার করে আগৈলঝাড়া উপজেলার সেরাল হয়ে বরিশাল শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, সেরাল চৌরাস্তা এলাকায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে দশ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম ও হৃদয় সন্যামতকে আটক করেন। ওই অভিযান থেকে ফেরার পথে বেপরোয়াগতির মোটরসাইকেলকে গতিরোধ করতে চাইলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ধাওয়া করে মেহেদী ও রাশেদকে আটক করা হয়। পরে ওই দুই যুবকের শরীর তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত মেহেদী ও রাশেদ জানিয়েছেন, গৌরনদীর মাদকের ডিলার হিরা মাঝির কাছ থেকে তারা এসব ইয়াবা ট্যাবলেট পাইকারি দামে কিনে আনেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল