• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের ৬ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২১:৩৩ অপরাহ্ণ
যুবদলের ৬ নেতাকে শোকজ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা যুবদল।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শোকজ নোটিশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যদিও নোটিশগুলোতে গত ২৩ সেপ্টেম্বর তারিখ উল্লেখ রয়েছে।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক হাবিবুর বাশার স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর এম এ কালাম ও সদস্য সচিব প্রণব বৈদ্য।

জেলা যুবদল সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিগুলো ওই নেতারা নিজ নিজ ইউনিটে পালন করেননি। এ ধরনের আচরণকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দায়িত্বে অবহেলা উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, এতে সংগঠনকে দুর্বল করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল