অনলাইন ডেক্স : চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরুর সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য অনুযায়ী, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মনে করছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, সরকারকে না জানিয়েই নির্বাচন কমিশন আগে একটি তারিখ ঘোষণা করেছিল। বিষয়টি তুলে ধরার পর কমিশন সচিব পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। পরে সিদ্ধান্ত নিয়ে কমিশন জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু ও শেষ করা হবে।
তিনি বলেন, রমজান মাস, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই হয়তো নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এসব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।
তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে এবং এতে মোট কত টাকা খরচ হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।
নির্বাচন শুরুর সময় সম্পর্কে তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ নির্বাচন তারা পরিচালনা করবে। এই অর্থবছরের মধ্যে কোনো সিডিউলে তারা শেষ করবে। কারণ আমরা অর্থ বরাদ্দ রেখেছি এবং আমাদের সচিবরাও মিটিংয়ে গিয়ে তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলে এসেছে।’
স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এর আগেও বলেছি যে, তারা একটা টেন্টেটিভ হিসাব দিয়েছে, ৬ হাজার কোটি টাকা লাগবে নির্বাচন শেষ করতে। আমরা মোটামুটি এই পরিমাণ অর্থ যাতে দিতে পারি, সেই ব্যবস্থা রাখা আছে। এটা প্লাস—মাইনাস হতে পারে।’
নির্বাচনের সম্ভাব্য ব্যয়ের হিসাব তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হতে পারে।
তিনি বলেন, ‘এই দুইটা নির্বাচনেই বড় খরচ। আর বাকি ৩৩০টা পৌরসভা, সিটি করপোরেশন মাত্র ১৩টি। এগুলোতে খরচের পরিমাণ অনেক কম।’
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলেও আবারও উল্লেখ করেন মীর শাহে আলম।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী চলতি বছরে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছি না। যেহেতু আগামী ৬ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তাতে মনে হচ্ছে কমিশন আগামী বছর থেকেই নির্বাচন প্রক্রিয়ার সিদ্ধান্ত নিচ্ছে।’
প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ওই বৈঠকে সরকারের প্রতিনিধিরাও থাকবেন।
সরকারের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের চাওয়া এই অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো যেন তারা শেষ করে।’
তবে নির্বাচনের সূচনার সময় সরকার নির্ধারণ করবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শুরুটা আমি বলব না। শুরুটা উনারাই ঠিক করবে। কারণ, আমি যদি শুরুটা বলে দিই, এটা নির্বাচন কমিশনের জন্য বিব্রতকর হবে। কারণ নির্বাচনটা তারা কনডাক্ট করবে। শুরুটা আমরা কেন বলতে যাব? উনারাই ঠিক করবে যে, নির্বাচন কবে থেকে কবে করবে।’