• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা এনামুল হক বাহারকে ধরতে বাসায় অভিযান চালিয়ে না পেয়ে তাঁর কিশোর ছেলেকে ধরে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার দুপুরে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক কিশোর বাফতিন আহমেদ জিহান (১৬) বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তার জানান, তাঁর স্বামী বাহার সব মামলায় জামিনে আছেন। পুলিশ বাসায় অভিযান চালিয়ে বাবাকে না পেয়ে নাবালক ছেলেকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে।

ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করছেন। চিৎকার ও হইচইয়ের মধ্যে আশপাশে জড়ো হয়েছে উৎসুক জনতা। একপর্যায়ে ধাক্কা লেগে পড়ে যান জিহানের মা সাথী। পরে পুলিশ পিকআপে করে জিহানকে আটক করে নিয়ে চলে যায়।

সাথী আক্তার বলেন, ‘আমার স্বামী জোহরের নামাজ পড়তে মসজিদে গেলে হঠাৎ বাসার সামনে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি আমার ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে তখন বলেছি, বাহার সব মামলায় জামিনে আছে। আমাদের কাছে কাগজ আছে। তবু তিনজন মিলে আমার ছেলেকে নিয়ে গেছে। বাধা দিলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।’

সাথী আরও বলেন, ‘আমার ছেলেকে গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। পুলিশকে বলেছি, আমার ছেলে তো নাবালক, থানা-পুলিশ কিছুই চেনে না।’

 

এ বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি কিশোরকে ধরেছে, কিন্তু এখনো থানায় হস্তান্তর করেনি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল