• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২২:০৫ অপরাহ্ণ
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। এতে বাসে থাকা প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী অলৌকিকভাবে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার ছয়মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি ছয়মাইল এলাকা অতিক্রম করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পর মুহূর্তেই যানটি মহাসড়কের পাশের গভীর পুকুরে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং জানাল ভেঙে যাত্রীদের নিরাপদে বাইরে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পূর্ণাঙ্গ করে।

দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন আঘাত পেলেও তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়, ঘটনার পরপরই সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরবর্তীতে রেকারের সাহায্যে পুকুর থেকে বাসটি তুলে আনা হয়।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই দুর্ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এতে বড় কোনো হতাহত কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল