• ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় পর্যটকবাহী ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৪:২২ অপরাহ্ণ
কলাপাড়ায় পর্যটকবাহী ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে, আহত ১৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও অন্তত ১৩ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বাসটি ঢাকা থেকে ২০–২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৩ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৬ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। তারা বাসটি রিজার্ভ করে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কেউ নিহত হননি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের খুঁজে বের করতে কাজ চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল