নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নতুন কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের চারজনকে পিটিয়ে আহত করা এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
যুবদলের নেতাকর্মীরা জানান, উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শুক্রবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করে পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
হামলায় আহতদের মধ্যে সৈয়দ রিয়াদ (৩১), সাকিল জোমাদ্দার (২৭) ও আব্দুল ওহাব (৩২) রয়েছেন। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন অভিযোগ করেন, কেন্দ্র থেকে ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে বের করা মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিকে কেন্দ্র করে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।