• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির একটি মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে আপত্তি জানান। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও উভয় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের পেতা আত্মারা জুলাইয়ের এমন প্রোগ্রামে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের সামনেই এমন ঘটনা ঘটেছে।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত দাবি করেন, “শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করি না। আমি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।”

ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল