• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বরিশালসহ দক্ষিণাঞ্চলের আট জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর দপদপিয়া এলাকার কীর্তনখোলা সেতুর ঢালে অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল জোবায়ের।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ আট জেলার (বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট ও মাদারীপুর) কোরবানির পশুর হাটগুলোতে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাট এলাকায় ড্রোনের মাধ্যমে নিয়মিত নজরদারি চলছে।

র‌্যাব-৮ জানায়, জাল টাকা শনাক্তে কন্ট্রোল রুমে বিশেষ মেশিন বসানো হয়েছে। এছাড়া ঈদের জামাত ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহগুলোতে গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে ২০টি টহল টিম দায়িত্ব পালন করছে।

এছাড়া বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং নদীপথে বোট পেট্রোলও পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে র‌্যাব-৮-এর কর্মকর্তারা বিভিন্ন পশুর হাট ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল