• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার অপহৃত কলেজছাত্রীকে কুয়াকাটা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
ভোলার অপহৃত কলেজছাত্রীকে কুয়াকাটা থেকে উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন থেকে অপহৃত এক কলেজছাত্রীকে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) গভীর রাতে কুয়াকাটার হোটেল রুপান্তিতে অভিযান চালিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম কারিমা হাসান (১৭)। অন্যদিকে আটকরা হলেন- চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কারিমা নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে চরফ্যাশন থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালায় মহিপুর থানা পুলিশ। সেখান থেকে কলেজছাত্রীকে উদ্ধার এবং দুই যুবককে আটক করা হয়।

পরিবারের দাবি, কারিমা হাসানকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল। এই অপহরণের সাথে কারা কারা জড়িত, তাদের সবাইকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল