নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ছয় ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বর্তমানে সাপ দুটির চিকিৎসা চলছে।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে প্যাঁচানো অবস্থায় দাঁড়াশ সাপটি উদ্ধার করা হয়। একই দিনে পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বসতঘর থেকে একটি কালনাগিনী সাপও উদ্ধার করা হয়। পরে সাপ দুটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়।
উদ্ধারকারীরা জানান, কালচে-বাদামি বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ। তবে সবুজ-হলুদ আভাযুক্ত লাল-কালো ডোরাকাটা কালনাগিনী সাপটি মৃদু বিষধর।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, ‘হটলাইনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।’
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী আহসান বলেন, ‘সাপ দুটি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’