নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) সকালে পুলিশ উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিনতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মেহেরুন্নেছা উর্মির স্বামী বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পী। তার বাড়ি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামে।
তাদের সন্তান ফারদিন (১৮ মাস) ও ফারিস্তাকে (৪) নিয়ে ওই গ্রামের আমিরুল ইসলামের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় আট মাস ধরে বসবাস করছিলেন। উর্মি কলাপাড়া থানা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
প্রতিবেশী ও পুলিশ জানিয়েছে, এই আট মাসে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। শুক্রবার ভোররাতে বাপ্পী থানা পুলিশকে জানায়, উর্মির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশের একটি দল ভোররাতে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মেহেরুন্নেছা উর্মির স্বামী ও সন্তানরা থানায় আছে। শিশুদের পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তকাজ চলমান আছে বলে জানান তিনি।