• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতার কাছ থেকে চোরাই বিটুমিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতার কাছ থেকে চোরাই বিটুমিন উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাতে জিয়ানগরের সেউতিবাড়িয়া এলাকা থেকে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়।

জানা যায়, ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। ২ মার্চ ঝালকাঠি থেকে উক্ত বিটুমিন চুরি হয়ে যায়। পরবর্তীতে ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভি ফুটেজ থেকে চোরাই মাল পরিবহনের ট্রাক শনাক্ত করে ট্রাকচালককে আটক করেন। পরে ট্রাকচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এ চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ থেকে একজনকে শনাক্ত করে তার দেওয়া তথ্য অনুযায়ী জিয়ানগরের সেউতিবাড়িয়া গ্রাম থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেল বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি শাকিল মাহমুদ পলাশ।

অভিযুক্ত মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ বলেন, উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৪০ ব্যারেলের কাগজপত্র তার কাছে রয়েছে। তবে বাকি ১৮ ব্যারেল তার বিটুমিনের সঙ্গে কে বা কারা রেখেছে, তা তিনি জানেন না।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, বিটুমিন চুরির ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা রয়েছে। জিয়ানগর থানা পুলিশের সহায়তায় ঝালকাঠি থানা থেকে পুলিশ এসে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল