নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
ভোর থেকেই বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা সিভিল সার্জন। এছাড়াও সরকারি—বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বরিশাল বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুক্তিযোদ্ধাদের অবদান ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সিটি কর্পোরেশনের প্রশাসক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এখনো কিছু ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ রয়ে গেছেন। তাঁদের সঠিক যাচাই—বাছাইয়ের মাধ্যমে বাদ দেওয়ার দাবি জানানো হয়। বক্তারা দল—মত নির্বিশেষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান, যাতে বাংলাদেশের সাম্য ও স্বাধীনতাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হয়।