• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে বিকাল পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তসংলগ্ন পদ্মার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত ও ভৌগোলিক বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে দুর্গম চরাঞ্চলে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বালুমহাল দখল, চরের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্র চোরাচালান এবং কৃষিজমির ফসল লুটের মতো গুরুতর অপরাধের সঙ্গে এরা জড়িত। এসব বিরোধের জেরে প্রায়ই চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে, যা স্থানীয় সাধারণ বাসিন্দা ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কুষ্টিয়া জেলা পুলিশের প্রায় ২০০ সদস্যের একটি সমন্বিত দল চরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও নজরদারি চালায়। অভিযানে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি নেতৃত্ব দেন।

অভিযান শেষে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের মধ্যে কোনো সক্রিয় সন্ত্রাসী বাহিনীর তালিকাভুক্ত সদস্য রয়েছে কিনা, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে দিনব্যাপী এ অভিযানে কোনো ধরনের অস্ত্র, মাদক বা গোলাবারুদ উদ্ধার করা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, চরাঞ্চলে চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তৎপরতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতেই শুক্রবার ভোররাত থেকে এ বিশেষ অভিযান চালানো হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল