• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় সড়কের পাশে পড়ে থাকা পর্যটকবাহী জিপে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
কুয়াকাটায় সড়কের পাশে পড়ে থাকা পর্যটকবাহী জিপে আগুন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা পর্যটকবাহী একটি জিপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিকের সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে এতে আগুন দিয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আসা পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে এটি সড়কের পাশে অচল অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তা নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান বলেন, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন।

তিনি বলেন, আমার মনে হচ্ছে, কোনো দুর্বৃত্ত ইচ্ছাকৃতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। গাড়িটি দুর্ঘটনা বা অন্য কোনো কারণে পুড়লে এত দিনে এমন ঘটনা ঘটতে পারত। আমার সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের চিহ্নিত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, কয়েকজন মিলে তারা সৈকতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে ছুটে যান। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা তারা দেখতে পাননি।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

গাড়ির মালিক পরিকল্পিতভাবে আগুন দেওয়ার সন্দেহ প্রকাশ করলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল