• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ২২:০০ অপরাহ্ণ
বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে ঝাড়ু মিছিল করে তারা। পরে স্টেডিয়ামের প্রধান ফটকে মিজানুর রহমানের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, মিজানুর রহমান আওয়ামী লীগের দোসর। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করেছেন। এজন্য তাকে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নেতাকর্মীরা।

এর আগে, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন। তার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

ওইদিনই অর্থাৎ শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে বরিশাল নগরীর বান্দরোডে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানার, ফেস্টুন পুড়িয়ে প্রতিবাদ জানান ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার সন্ধ্যায় বিক্ষোভ করে ছাত্রদলের কিছু নেতাকর্মী।

বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেওয়া বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা সাফিন হোসেন বলেন, ‘বিসিবি পরিচালক মিজানুর রহমান আওয়ামী লীগের দোসর। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার একাধিক মামলা রয়েছে। তার পরও সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করেছে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘বর্তমানে বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং হচ্ছে। এসব কর্মসূচিতে অর্থায়ন করছেন এই মিজান। আমরা তার গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এর আগে বিকেলে স্টেডিয়ামের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্টেডিয়াম চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিজানুর রহমানের প্রতিকৃতি এবং টায়ানের আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল