• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএম কলেজ ছাত্রদলের সভাপতি-সম্পাদককে বিতর্কিত করার মিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ২২:৩৩ অপরাহ্ণ
বিএম কলেজ ছাত্রদলের সভাপতি-সম্পাদককে বিতর্কিত করার মিশন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনকে বিতর্কিত করতে নানা কুটকৌশল চালানো হচ্ছে বলে জানা গেছে। ছাত্রদল নেতাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে নির্মাণকাজের মান নিশ্চিত করতে কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছেন একটি কু-চক্রি মহল। বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন নেতারা।

জানা গেছে, গত ২৬ অক্টোবর অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়কের ঢালাই কাজের শেষ পর্যায়ে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। পরে কাজটি বন্ধ হয়ে যায়। ছাত্রদল নেতাদের বক্তব্য, নির্মাণকাজ বন্ধের সিদ্ধান্ত তাঁরা নেননি; শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিএম কলেজ প্রশাসন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু নির্মাণকাজ বন্ধের দায় তাদের উপর চাপানোর চেষ্টা চালায় একটি মহল। তাঁদের দাবি, কাজের মান নিয়ে প্রশ্ন তোলার ঘটনাকে কেন্দ্র করে তাঁদের ওপর দায় চাপানোর চেষ্টা না করে নির্মাণকাজের প্রকৃত মান যাচাই করা উচিত ছিল।

ছাত্রদল নেতাদের ভাষ্য, আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে নির্মাণকাজের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। তাঁদের অবস্থান ছিল, নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীদের স্বার্থের সঙ্গে আপোষ করা যাবে না। কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানানোকে উন্নয়নকাজের বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও তাঁরা মনে করেন।

এদিকে ছাত্রাবাসের কয়েকজন জ্যেষ্ঠ আবাসিক শিক্ষার্থী, যাঁদের ছাত্রত্ব শেষ হয়েছে তাঁদের কেউ কেউ নির্মাণকাজের পক্ষে অবস্থান নেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ নিয়ে কাজের মান, নির্মাণকাজ বন্ধের সিদ্ধান্ত এবং ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিরোধ তৈরি হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাত্রত্বের অবস্থা ও ভূমিকার বিষয়ে নিরপেক্ষভাবে তথ্য যাচাই করা প্রয়োজন।

গত ২৮ অক্টোবর রাতে অশ্বিনীকুমার ছাত্রাবাসে আবাসিক শিক্ষার্থীদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক নির্মাণকাজ, আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, ব্লকভিত্তিক ছাত্র প্রতিনিধি নির্বাচন এবং পিকনিকের আয়োজন নিয়ে আলোচনা হয়। সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন উপস্থিত হলে নির্মাণকাজের মান ও কাজ বন্ধের বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবাসিক শিক্ষার্থী আকবর মুবিনসহ কয়েকজনের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগ্‌বিতণ্ডা হয়। সেখানে সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী আকবর মুবিনের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার পরপরই কলেজ প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় মহানগর ছাত্রদলের আহ্বায়ক, বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিএম কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও আলোচনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়। উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সেদিনের ঘটনাটির নিষ্পত্তি হয় বলে সংশ্লিষ্ট পক্ষ থেকে জানানো হয়েছে।

ছাত্রদল নেতাদের দাবি, ঘটনাস্থলে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হওয়ার পরও ঘটনাটিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে একটি কু-চক্রি মহল। তাঁরা মনে করছেন, নির্মাণকাজের মান নিয়ে তাঁদের অবস্থানকে আড়াল করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে তাঁদের রাজনৈতিকভাবে হেয় করার প্রচেষ্টা চলছে। এ কারণে পরবর্তী সময়ে বিতর্ক তৈরির প্রচেষ্টাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, এ ঘটনার মূল বিষয় হওয়া উচিত ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অভিযোগের নিষ্পত্তি এবং আবাসিক সমস্যাগুলোর সমাধান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও কলেজ প্রশাসনের উচিত নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কাজ পুনরায় শুরু ও সম্পন্ন করার বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো।

কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিএম কলেজের শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নকাজের স্বচ্ছতা নিশ্চিত করার প্রশ্নে ব্যক্তিগত বা রাজনৈতিক বিতর্কের পরিবর্তে প্রকৃত তথ্য ও জবাবদিহিকে গুরুত্ব দেওয়া জরুরি। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যথাযথভাবে তুলে ধরে যাচাই করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা গণমাধ্যমের পেশাগত দায়িত্ব।

নির্মাণকাজের মান নিয়ে আপত্তি তোলার ঘটনাকে কেন্দ্র করে বিএম কলেজ তৈরি হওয়া বিতর্কের নিরপেক্ষ অনুসন্ধান এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল