• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে ভাটারা থানাধীন এলাকা থেকে অনিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা মো. আকতারুজ্জামান ফুলু ও শিরিন আক্তারের ছেলে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশের নথি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন।

পুলিশের অভিযোগ, ওই ব্যক্তিরা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে দুপুর ১টা ৫ মিনিটের দিকে কয়েকজন সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের ভাষ্য, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েক জন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে।

আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তাঁর পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ভাটারা থানার এসআই আব্দুল কাদের বলেন, গ্রেপ্তার অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে মোট ৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল