• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল গণপূর্ত দপ্তরে কর্মকর্তাকে হুমকি ও মারধরের ভয় দেখানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বরিশাল গণপূর্ত দপ্তরে কর্মকর্তাকে হুমকি ও মারধরের ভয় দেখানোর অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে গণপূর্ত দপ্তরে ঢুকে এক কর্মকর্তাকে হুমকিধামকি ও মারধরের ভয় দেখানোর অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বড় ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও রোববার (৮ মার্চ) বিষয়টি জানাজানি হলে নগরজুড়ে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে অহেদুল ইসলাম রুবেল নামের এক ব্যক্তি বরিশাল গণপূর্ত দপ্তরে যান। সেখানে তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে ওয়ার্ক সার্টিফিকেট ও পেমেন্ট সার্টিফিকেট দাবি করেন। এ সময় গণপূর্ত দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুজ্জাম্মেল হক খান তার ওয়ার্ক অর্ডার দেখতে চাইলে রুবেল তা দেখাতে পারেননি।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে ওই কর্মকর্তাকে গালাগাল করেন এবং হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অহেদুল ইসলাম রুবেল বরিশাল বিএম কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সোহানের বড় ভাই। দীর্ঘদিন ধরে ভাইয়ের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ঠিকাদারি করলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নগরীতে চলাফেরা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিএনপির কোনো পদ-পদবীতে তার নাম নেই বলে জানা যায়।

এ বিষয়ে গণপূর্ত দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুজ্জাম্মেল হক খান বলেন, “বৃহস্পতিবার রুবেল নামের একজন ঠিকাদার অফিসে এসে বিনা কারণে আমাকে হুমকি ও মারধরের ভয় দেখিয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে অহেদুল ইসলাম রুবেল বলেন, “আমি সেদিন কয়েকটি কাগজ আনতে গণপূর্ত দপ্তরে গিয়েছিলাম। তখন ওই অফিসের এক কর্মকর্তা আমার সঙ্গে উচ্চবাচ্য কথা বলেন। তখন আমিও তাকে গালাগাল করেছি।”

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল