• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি হামলা, বোমা বিস্ফোরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬, ২২:২১ অপরাহ্ণ
পাল্টাপাল্টি হামলা, বোমা বিস্ফোরণের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বাস ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিপুল সংখ্যক বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ১০—১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গৌরনদী ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবরগ) ভুরঘাটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গৌরনদী ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার বনগ্রাম এলাকার এক যাত্রীর সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে বাসভাড়া নিয়ে বাস কাউন্টার মাস্টারের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভুরঘাটা ও বনগ্রামের দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এসময় বিপুল সংখ্যক বোমার বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপক্ষের সংঘর্ষে প্রায় দেড় ঘণ্টা ঢাকা—বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ব্যস্ততম মহাসড়কের দুইপাশে যানবাহন আটকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সংঘর্ষে লিপ্ত দুপক্ষই ক্ষমতাসীন দলের নেতাকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ভুরঘাটার বাসিন্দা কাওছার তালুকদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বনগ্রামের মোফাজ্জেল সরদার, বায়জিদ সরদার, হাবুল ঘরামি, দেলোয়ার সরদার, এমারাত সরদারের নেতৃত্বে ৬০—৭০ জনের একটি সশস্ত্র দল শুক্রবার সন্ধ্যায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে কমপক্ষে ২০—২৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। তারা ভুরঘাটা বাসস্ট্যান্ডের ১৫টি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় আমাদের ৭—৮ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর তিনজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, বনগ্রামের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার বিষয়ে বনগ্রামের কারো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি দুই উপজেলার রাজনৈতিক নেতারা সমাধান করবেন বলে জানিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল