• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬, ২২:১০ অপরাহ্ণ
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে?
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনা অনুযায়ী, ফল প্রকাশের দুই মাসের মধ্যে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে। ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার আয়োজন করা হবে।

সৈয়দ আক্তারুজ্জামান আরও বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডে বৈঠক হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুততম সময়ে পরীক্ষা নিতে বোর্ডগুলোর প্রস্তুতি রয়েছে।

এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

তবে পুনরায় পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত সূচি এখনো ঘোষণা করা হয়নি। এ বিষয়ে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা এলে পরীক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল