• ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় ফুটবল খেলার সময় এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
দশমিনায় ফুটবল খেলার সময় এক শিক্ষার্থীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফুটবল খেলার সময় মো. আনজুম (১৩) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সড়ক—সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আনজুম দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুম আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে আবদুর রশিদ তালুকদার কলেজের সড়ক—সংলগ্ন খেলার মাঠে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। সেখানে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সহপাঠীরা তার মাকে খবর দিলে তিনি এসে প্রাথমিকভাবে পানি খাওয়ান ও মাথায় পানি দেন। পরে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাকে সবুজবাগ ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।

সহপাঠী সাইদ বলে, ‘আনজুমসহ আমরা একই ক্লাসে পড়াশোনা করি। ওর অ্যাজমার সমস্যা আছে। আজ বিকেলে কলেজের পাশের সড়কের একটি মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমি ওর মাকে ফোনে খবর দিলে তিনি এসে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যায় আনজুম।’

নিহত আনজুমের বাবা মো. আরিফুর রহমান বলেন, ‘আমি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করি। সেই কারণে দশমিনা উপজেলার সবুজবাগ ভাড়া বাসায় থাকি। আমার ছেলে শারীরিকভাবে অসুস্থ। আজ বিকেলে ফুটবল খেলা দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছে। এখন আমরা তাকে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল