অনলাইন ডেক্স : সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালেদ হোসাইন বলেছেন, বাংলাদেশে কেউ ইসলামের অবমাননা করলে তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘আপনারা কেউ দয়া করে আইন হাতে তুলে নিবেন না।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ওলামায়ে কেরামদের নিয়ে ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালেদ আরও বলেন, ‘আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনোভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না। আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি; কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।
সম্মেলনে জাতীয় উলামা—মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষস্থানীয় আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।