অনলাইন ডেক্স : আসন্ন জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি বলেছেন, এসব আশঙ্কার মধ্যেও বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত দেশে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই কোনো না কোনোভাবে সহিংসতা হয়েছে। বাস্তবতার দিক থেকে সেটি পুরোপুরি এড়ানো কঠিন হলেও এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনপ্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) এক প্রতিনিধি বলেন, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে ডিজিটাল পরিসরে নারী প্রার্থী ও নারী সাংবাদিকদের নিরাপত্তায় আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।