• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ২২:৫৪ অপরাহ্ণ
পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর উপজেলা বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন তারা। একই সময় সেখানে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। এসময় সমাবেশস্থলে উপস্থিতি কম ছিল বলে কিছু নেতাকর্মী সন্দেহ করেন—সাংবাদিকরা নাকি তাদের খালি চেয়ারের ভিডিও ধারণ করছেন। এই সন্দেহ থেকেই অতর্কিতভাবে তারা দুই সাংবাদিকের ওপর হামলা চালায়।

হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেনড্রাইভ, প্রেসকার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই দুই সাংবাদিককে পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাছরুল্লাহ আল-কাফী বলেন, আমরা চন্ডিপুর আদর্শ বিদ্যালয় মাঠে সুপারি বাজারের ভিডিও ধারণ করছিলাম। একই মাঠে বিএনপির সমাবেশ চলছিল। হঠাৎই তারা আমার সহকর্মী আরিফ বিল্লাহর ওপর হামলা করে। আমি তাকে রক্ষা করতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে আমার তিনটি মোবাইলের মধ্যে একটি স্থানীয়রা উদ্ধার করে।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, সমাবেশের পেছনে কিছু খালি চেয়ার ছিল। সাংবাদিকরা সেগুলোর ভিডিও করছে মনে করে কিছু কর্মী উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করেছে। আমি নিজেও তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিকদের থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল