নিজস্ব প্রতিবেদক : বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থক সৈকত ইসলাম নামে এক কলেজছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় অংশগ্রহণকারীরা একই কলেজের ছাত্র এবং বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপনের সমর্থক বলে জানা গেছে। তাদের মধ্যে মো. সৌরভ পাইক, মো. রাতুল পাইক, মো. রাব্বি ফকির, মো. জুনায়েত ফকির ও মো. হাসান ফকিরসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
বিকেলে আহত সৈকতের পক্ষ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সৈকত ইসলাম জানান, তিনি আকন কুদ্দুসুর রহমানের সমর্থক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। এ কারণে জহির উদ্দীন স্বপনের সমর্থকরা তার ওপর ক্ষুব্ধ ছিলো। বুধবার কলেজ মাঠে হঠাৎ তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “আমার সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, কিন্তু বারবার এমন ঘটনা ঘটানো হচ্ছে — এটা রাজনৈতিকভাবে গভীর ষড়যন্ত্র।”
বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “হামলার ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।