• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া চিকিৎসক আটক, তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ২২:২২ অপরাহ্ণ
ভুয়া চিকিৎসক আটক, তিন মাসের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও অর্শ্ব–পাইলসের অস্ত্রোপচার করতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক ভুয়া চিকিৎসক। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার প্রতারণা ধরা পড়ে।

 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর বাজারের পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাগুড়িয়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় চিকিৎসক হিসেবে কোনো প্রমাণপত্র বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন দেখাতে পারেননি তিনি। পরে বিএমডিসি আইন ২০১০-এর ২২ ধারায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, “জাহিদুল ইসলাম ভুয়া চিকিৎসকের পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এজন্য তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল